লেবীয় 9

Indian Revised Version (IRV), Bengali

1পরে অষ্টম দিনের মোশি হারোণ ও তাঁর ছেলেদেরকে এবং ইস্রায়েলের প্রাচীনদেরকে ডাকলেন।

2তখন তিনি হারোণকে বললেন, তুমি পাপের বলির জন্য নির্দোষ এক পুরুষ গরুর বাচ্চা ও হোমবলির জন্য নির্দোষ এক ভেড়া নিয়ে সদাপ্রভুর সামনে উপস্থিত কর।

3আর ইস্রায়েল-সন্তানদেরকে বল, তোমরা সদাপ্রভুর সামনে বলি দেওয়ার জন্য পাপের বলির জন্য এক ছাগল, হোমবলির জন্য এক বছরের নির্দোষ এক গরুর বাছুর ও এক ভেড়ার বাচ্চা

4এবং মঙ্গলের বলির জন্য এক ষাঁড় ও এক ভেড়া এবং তেল মেশানো ভক্ষ্য-নৈবেদ্য নেবে; কারণ আজ সদাপ্রভু তোমাদেরকে দর্শন দেবেন।

5তখন তারা মোশির আজ্ঞানুসারে এই সব সমাগম-তাঁবুর সামনে আনল, আর সব মণ্ডলী নিকটবর্ত্তী হয়ে সদাপ্রভুর সামনে দাঁড়াল।

6পরে মোশি বললেন, সদাপ্রভু তোমাদেরকে এই কাজ করতে আজ্ঞা করেছেন, এটা করলে তোমাদের প্রতি সদাপ্রভু প্রতাপ প্রকাশ পাবে।

7তখন মোশি হারোণকে বললেন, তুমি বেদির কাছে যাও, তোমার পাপের জন্য বলি ও হোমবলি উৎসর্গ কর, নিজের ও লোকদের জন্য প্রায়শ্চিত্ত কর; আর লোকদের উপহার উত্সর্গ করে তাদের জন্য প্রায়শ্চিত্ত কর; যেমন সদাপ্রভু আজ্ঞা দিয়েছিলেন।

8তাতে হারোণ বেদির কাছে গিয়ে নিজের জন্য পাপের বলির জন্য গরুর বাচ্চা হত্যা করলেন।

9পরে হারোণের ছেলেরা তাঁর কাছে তার রক্ত আনলেন ও তিনি নিজের আঙুল রক্তে ডুবিয়ে বেদির শিংএর ওপরে দিলেন এবং বাকি রক্ত বেদির মূলে ঢাললেন।

10আর পাপের জন্য বলির মেদ, মেটিয়া ও যকৃতের ওপরের অংশ ফুসফুস বেদির উপরে পোড়ালেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়েছিলেন।

11কিন্তু তার মাংস ও চর্ম্ম শিবিরের বাইরে আগুনে পুড়িয়ে দিলেন।

12পরে তিনি হোমের জন্য বলি হত্যা করলেন এবং হারোণের ছেলেরা তাঁর কাছে তার রক্ত আনলে তিনি বেদির চারিদিকে তা ছিটিয়ে দিলেন।

13পরে তারা হোমবলির মাংসের টুকরো ও মাথা সব তাঁর কাছে আনলেন; তিনি সেই সব বেদির ওপরে পোড়ালেন।

14পরে তার অন্ত্র ও পা ধুয়ে বেদিতে হোমবলির ওপরে পোড়ালেন।

15পরে তিনি লোকদের উপহার কাছে আনলেন এবং লোকদের জন্য পাপের বলির ছাগল নিয়ে প্রথমটার মত হত্যা করে পাপের জন্য উৎসর্গ করলেন।

16পরে তিনি হোমবলি এনে বিধিমতে উৎসর্গ করলেন।

17আর ভক্ষ্য-নৈবেদ্য এনে তার এক মুঠো নিয়ে বেদির ওপরে পোড়ালেন। এছাড়া তিনি সকালের হোমবলি দান করলেন।

18পরে তিনি লোকদের মঙ্গলের জন্য বলি ঐ ষাঁড় ও ভেড়া হত্যা করলেন এবং হারোণের ছেলেরা তাঁর কাছে তার রক্ত আনলে তিনি বেদির ওপরে চারিদিকে তা ছিটিয়ে দিলেন।

19পরে ষাঁড়ের মেদ ও ভেড়ার লাঙ্গূল এবং অন্ত্রের ও মেটিয়ার উপরিস্থ মেদ ও যকৃতের ওপরের ভাগ ফুসফুস,

20এই সব মেদ নিয়ে দুই বুকের ওপরে রাখলেন ও বেদির ওপরে সেই মেদ পোড়ালেন।

21আর হারোণ সদাপ্রভুর সামনে দুই বুক ও ডানদিকের উরু দোলনীয় নৈবেদ্যরূপে দোলালেন; যেমন মোশি আজ্ঞা দিয়েছিলেন।

22পরে হারোণ লোকদের দিকে নিজের হাত বাড়িয়ে তাদেরকে আশীর্বাদ করলেন; আর তিনি পাপের জন্য বলি, হোমবলি ও মঙ্গলের জন্য বলি উৎসর্গ করে নেমে এলেন।

23পরে মোশি ও হারোণ সমাগম তাঁবুতে প্রবেশ করলেন, পরে বাইরে এসে লোকদেরকে আশীর্বাদ করলেন; তখন সব লোকের কাছে সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পেল।

24আর সদাপ্রভুর সামনে থেকে আগুন বেরিয়ে বেদির ওপরের হোমবলি ও মেদ ছাই করল; তা দেখে সব লোক আনন্দের চিত্কার করে উপুড় হয়ে পড়ল।

লেবীয়

Open the interactive reader to switch translations, adjust type, and mark verses — or browse verses by topic.

© 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. · CC BY-SA 4.0